শিশুর সুন্দর ও শক্ত সবল দাঁতের জন্য যা করণীয় – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি শিশুর প্রতিদিনের পরিচর্যা সিরিজের অংশ। শিশুর শক্ত সবল দাঁতের জন্য প্রথম থেকেই কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে হয় ।
শিশুর সুন্দর ও শক্ত সবল দাঁতের জন্য | শিশুর প্রতিদিনের পরিচর্যা

→ শিশুকে খনিজ ও ভিটামিন জাতীয় খাবার উপযুক্ত পরিমাণে খাওয়াতে হবে ।
→ খাওয়ার পর মিষ্টি খাবার না খাওয়ানো ভালো এবং খেলে তৎক্ষণাৎ মুখ ধুয়ে ফেলতে হবে । এমনকি বিস্কুট খাওয়ার পরেও মুখ ধুয়ে দেওয়া উচিত ।
→ যেহেতু শিশু দাঁতের ফাঁকে আটকে যাওয়া খাবারের টুকরো আঙুল বা জিহ্বা দিয়ে বের করতে পারে না তাই প্রতিবার খাওয়ার পর ব্রাশ দিয়ে দাঁতে জমে থাকা ময়লা বের করে দেওয়া উচিত ।
→ শিশুর জন্য উপযুক্ত টুথব্রাশই সে ব্যবহার করবে ।
→ শিশুর দুধেদাঁত থাকাকালীন ৬ মাস অন্তর দন্তচিকিৎসককে দাঁত দেখিয়ে নিলে ভালো ।
→ অনেকেরই ধারণা যেহেতু শিশুদের দুধেদাঁত পড়ে গিয়ে অন্য দাঁত ওঠে তাই দুধেদাঁতের যত্ন না করলেও কোনো ক্ষতি নেই । কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল । ক্ষতিগ্রস্ত দুধেদাঁত পড়ে গিয়ে এ জায়গায় যে নতুন দাঁতটি ওঠে সেটিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে । তাই দুধদাঁত ও মাড়ির যত্ন নেওয়া প্রয়োজন ।
→ ফাইবারযুক্ত খাবার খাওয়া দাঁতের পক্ষে ভালো। এতে দাঁত যেমন পরিষ্কার থাকে তেমনি মজবুত হয় ।

→ শিশুরা স্বভাবতই চকলেট খেতে ভালোবাসে । কিন্তু চটচটে পদার্থ বলে চকলেট দাঁতের ফাঁকে আটকে যায় ও খাওয়ার পর দাঁত ব্রাশ না করে দিলে ওই চকলেট জমে ও পচে দাঁতের ক্ষতি করে ।
→ সর্বোপরি শিশুর দাঁতের যত্ন নেওয়াটি শেখাতে হবে মা-বাবাকে । তাই এ ব্যাপারে তারা সচেতন হলে শিশুরা দাঁতের কোনোরকম সমস্যারই সম্মুখীন হবে না ।
