জন্মের পর থেকে তিন মাস বয়সে বাবা-মায়ের করণীয় – বিষটি নিয়ে আজকের আলোচনা। এই পঠটি “শিশুর প্রতিদিনের পরিচর্যা” সিরিজের অংশ। জন্মের পর থেকে তিন মাস বয়স পর্যন্ত শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়তার জন্য যেসব অনুশীলন করা যায় তা নিম্নে সংক্ষেপে বর্ণনা করা হলো :
জন্মের পর থেকে তিন মাস বয়সে বাবা-মায়ের করণীয় | শিশুর প্রতিদিনের পরিচর্যা

→ দৈনিক দুই তিনবার শিশুকে বুকের উপর শুইয়ে দিতে হবে । লক্ষ রাখতে হবে, শিশু ক্রমশ তার মাথা উপরে তুলতে পারছে কি না । তাকে মাথা তুলতে সাহায্য করার জন্য সামান্য উপরে কোনো শব্দ, যেমন— ঝুনঝুনি বাজানো, তাকে ডাক দেওয়া ইত্যাদি করা যায়। প্রতিবার এ অনুশীলন ১০/১৫ মিনিট পর্যন্ত করা যেতে পারে। ভরা পেটে, এ অনুশীলন করা উচিত নয় । কেননা এতে শিশুর বমি হতে পারে ।
→পাশ থেকে বগলের নিচে শক্ত করে ধরে তাকে দাঁড় করিয়ে দেখতে হবে, সে মাথা এবং ঘাড় উপরের দিকে সোজা করে তুলে ধরতে পারছে কি না ।
→ ছোটো কোনো খেলনা বা হাতের আঙুল শিশুর হাত ছুঁয়ে ধরে রাখতে হবে, যেন সে বন্ধ হাত খুলে খেলনাটা ধরতে চেষ্টা করে ।
→শিশুর বিছানায় প্রায় এক গজ উপরে কোনো রঙিন খেলনা ঝুলিয়ে দিতে হবে । এমনভাবে ঝুলাতে হবে, যেন তা বাতাসে হালকাভাবে দুলতে থাকে । খেলনাটা দুলবার সময় শব্দ করলে আরও ভালো হয় । এতে শিশু শুয়ে থাকা অবস্থায়ই ঐ খেলনাটা দেখে আনন্দ পাবে ।
→ কোনো রঙিন অথবা শব্দ করা খেলনা শিশুর দৃষ্টির সামনে অল্পক্ষণ ধরতে হবে, যেন তার দৃষ্টি খেলনার ওপর স্থির হয় । অতঃপর খেলনাটা ধীরে ধীরে এপাশ-ওপাশ করতে হবে, যেন তার দিকে তাকিয়ে থেকে সে তা অনুসরণ করতে পারে ।
→ শিশুকে আদরের ছলে মাঝে মাঝে কোলে নিতে হবে। এতে বাবা-মায়ের সাথে শিশুর সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে বেশি ঘনঘন কোলে নিলে শিশু কোলে থাকায় অভ্যস্ত হয়ে পড়বে এবং পরে বিছানায় একেবারেই থাকতে চাইবে না ।

