শিশুর লালনপালন মানেই শুধু ভালো খাবার, নিরাপদ পরিবেশ বা ভালো পোশাক নয়—এটি মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং জীবনজুড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গঠনের ভিত্তিও। শিশুর ছোটবেলার অভিজ্ঞতা তার মানসিক গঠনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তাই শিশু যেন সাবলীলভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য প্রয়োজন সচেতন ও ভারসাম্যপূর্ণ অভিভাবকত্ব।
দুর্ঘটনা এবং মানসিক প্রতিক্রিয়া:
শিশুর জীবনে প্রাথমিক পর্যায়ে ঘটে যাওয়া ছোটখাটো দুর্ঘটনাগুলি কখনো কখনো তার মনে স্থায়ী বা স্বল্পস্থায়ী ভয় গেঁথে দিতে পারে। যেমন:
- ছয় মাসের শিশুর মুখে হঠাৎ খুব গরম দুধ পড়লে সে ভবিষ্যতে দুধ খেতে অস্বীকৃতি জানাতে পারে।
- হাঁটতে শেখার সময় ধারালো কিছুতে পড়ে গিয়ে যদি ব্যথা পায়, তাহলে হাঁটার প্রতি তার আগ্রহ হারিয়ে যেতে পারে।
এই ধরণের ঘটনার পর শিশুর মানসিক স্বস্তি ফিরে পেতে সময় লাগে। অথচ এটাই তার শেখার সময়। তাই যতটা সম্ভব তাকে সাবধানে রাখতে হবে, আবার তার অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও দিতে হবে।
অতিরিক্ত নিরাপত্তা: একটি প্রতিবন্ধকতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শিশুবিকাশ বিষয়ক গাইডলাইনে বলা হয়েছে, শিশুদের ‘প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট’-এর পাশাপাশি ‘এক্সপ্লোরেটরি ফ্রিডম’ দিতে হবে। অনেক সময় অভিভাবকেরা অতিরিক্ত নিরাপত্তা দিতে গিয়ে শিশুর স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক ও শারীরিক বিকাশে বাধা সৃষ্টি করেন। দেখা গেছে, অতিরিক্ত রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা শিশুরা ভবিষ্যতে বেশি দুর্ঘটনার শিকার হয়, কারণ তারা নিজে থেকে বিপদ ঠেকাতে শেখেনি।
অভিভাবকের করণীয়:
- প্রথম বছরে: শিশুকে বেশি আগলে রাখা স্বাভাবিক, তবে প্রথম জন্মদিনের পর ধীরে ধীরে তাকে কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে দিন। এতে তার আত্মবিশ্বাস তৈরি হবে।
- দ্বিতীয় বছরের প্রথমার্ধে: শিশু বুঝতে শিখছে। তাই শুধু “না বলো”, না বলে তাকে পরিস্থিতি ব্যাখ্যা করুন। “ওখানে পড়ে যাবে”, “ওটা গরম”, “ওটা ভাঙবে”—এই সব বলার সঙ্গে সঙ্গে বিকল্পও দিন।
- দ্বিতীয় বছরের দ্বিতীয়ার্ধে: এই সময়ে শিশুর মনে রাখার ক্ষমতা বেড়ে যায়। সে নিজেই আগের অভিজ্ঞতা মনে রেখে অনেক কিছু এড়িয়ে চলতে শিখে। উদাহরণস্বরূপ—একবার গরম কাপে হাত দিলে সে ভবিষ্যতে সাবধান হবে।
শিশুর সঠিক বিকাশে কখনোই ভয় সৃষ্টি নয়, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা জরুরি।
বাইরের পরিবেশে শিক্ষা:
শিশুকে বাইরের জগৎ চিনতে দিতে হবে। রাস্তায় হাঁটার সময় কুকুর দেখে শুধু ভয় পাওয়া নয়, বরং শেখাতে হবে—”সব কুকুর বিপজ্জনক নয়, তবে সাবধানে থাকতে হয়”। শিশু যেন আচরণ শেখে সচেতনভাবে, অন্ধ ভয়ে নয়।
মানসিক ও ব্যক্তিত্বগত পার্থক্য বিবেচনা:
শিশুর বয়স, মনের গঠন, সাহসী না ভীতু স্বভাব, এসব বিচার করেই সিদ্ধান্ত নিতে হবে কখন তাকে সাবধান করা প্রয়োজন, আর কখন তাকে নিজে থেকে সিদ্ধান্ত নিতে দেওয়া যায়।
শিশুকে ভালোভাবে আগলে রাখা যেমন জরুরি, তেমনি ধীরে ধীরে তাকে নিজস্ব পথে চলতে শেখানোর সুযোগ দেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু হোক সাহসী, আত্মবিশ্বাসী এবং বিপদ চেনা ও সামলাতে শেখা একজন সচেতন মানুষ—এই লক্ষ্য নিয়েই গড়ে তুলতে হবে আধুনিক অভিভাবকত্বের নীতি।
